কার্বামাইড পারঅক্সাইড ইয়ার ড্রপ অতিরিক্ত কানের ময়লা নরম করা, ঢিলা করা এবং অপসারণে সহায়ক হিসেবে ব্যবহৃত হয়।
কার্বামাইড পারঅক্সাইড
Generic Medicineফার্মাকোলজি
কার্বামাইড পারঅক্সাইড কানের ময়লা অপসারণের জন্য ব্যবহৃত ইয়ার ড্রপ। কানের ময়লা শরীরের একটি গুরুত্বপূর্ণ সুরক্ষামূলক উপাদান, যা ধুলো, ব্যাকটেরিয়া ও অন্যান্য ক্ষতিকর কণাকে আটকে রাখে। তবে অতিরিক্ত জমে গেলে এটি কানের নালী বন্ধ করে শ্রবণশক্তি কমিয়ে দিতে পারে। এই ওষুধটি ত্বকের সংস্পর্শে এসে অক্সিজেন নির্গত করে এবং ফেনা তৈরি করে। এই ফেনা কানের ময়লা ভেঙে আলগা করতে সাহায্য করে, ফলে সহজে অপসারণ করা যায়। এর মাধ্যমে কানের অতিরিক্ত ময়লা নরম, ঢিলা ও পরিষ্কার হয়।
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্তবয়স্ক ও ১২ বছরের বেশি শিশু: মাথা পাশের দিকে কাত করে কানে ৫-১০ ফোঁটা দিন। ড্রপারের মাথা যেন কানের ভিতরে স্পর্শ না করে। কয়েক মিনিট মাথা কাত করে বা কানে তুলা দিয়ে ড্রপ ধরে রাখতে হবে। প্রয়োজনে সর্বোচ্চ ৪ দিন পর্যন্ত দিনে ২ বার ব্যবহার করা যাবে অথবা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী। এটি শুধুমাত্র কানে ব্যবহারের জন্য।
১২ বছরের নিচের শিশু: চিকিৎসকের পরামর্শ নিন।
প্রতিনির্দেশনা
যাদের কার্বামাইড পারঅক্সাইডের প্রতি অ্যালার্জি রয়েছে, তাদের ক্ষেত্রে এই ইয়ার ড্রপ ব্যবহার করা উচিত নয়। কানে পানি পড়া, ব্যথা, জ্বালা, র্যাশ বা মাথা ঘোরা থাকলে ব্যবহার করা যাবে না। কানের পর্দা ফাটা, কানে আঘাত বা সাম্প্রতিক অস্ত্রোপচারের পর এই ওষুধ ব্যবহার করা উচিত নয়। টানা চার দিন ব্যবহারের পরও সমস্যা না কমলে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন।
পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে কানে ফেনা বা খসখস শব্দ অনুভব হওয়া, সাময়িকভাবে শুনতে কম পাওয়া, কানে ভরাট ভাব বা হালকা চুলকানি থাকতে পারে। বিরল ক্ষেত্রে মাথা ঘোরা বা কানের সমস্যা বেড়ে যেতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায় ব্যবহারের জন্য পর্যাপ্ত ও নিয়ন্ত্রিত তথ্য নেই। তাই সাধারণত এই সময়ে ব্যবহার এড়িয়ে চলা উচিত।
সতর্কতা
চোখ ও মুখের সাথে সংস্পর্শ এড়িয়ে চলুন। চোখে লাগলে প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভুলবশত খেয়ে ফেললে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন। যাদের এই ওষুধে অ্যালার্জি আছে, তাদের ব্যবহার করা উচিত নয়।
মাত্রাধিকত্যা
এই ইয়ার ড্রপের অতিরিক্ত ব্যবহার সাধারণত গুরুতর সমস্যা সৃষ্টি করে না। তবে ভুলবশত খেয়ে ফেললে দ্রুত চিকিৎসা গ্রহণ করা উচিত।
থেরাপিউটিক ক্লাস
বিবিধ টপিক্যাল এজেন্টস
সংরক্ষণ
৩০°সে এর নিচে তাপমাত্রায় সংরক্ষণ করুন। আলো থেকে দূরে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।
সাধারণ প্রশ্ন
কার্বামাইড পারঅক্সাইড কিসের ওষুধ?
কার্বামাইড পারঅক্সাইড এর কাজ কি?
কার্বামাইড পারঅক্সাইড এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?
কার্বামাইড পারঅক্সাইড বেশি ব্যবহার করলে কি হয়?
গর্ভাবস্থায় কার্বামাইড পারঅক্সাইড ব্যবহার করা যাবে কি?